Thursday, January 12, 2017

ডটবাংলা ডোমেইনের বিস্তারিত


ইন্টারনেট ব্যবহারকারী বাংলাভাষী মানুষের কাছে বাংলার নতুন আত্মপরিচয়ের প্রতীক হিসেবে গত ৩১ ডিসেম্বর উদ্বোধন হয় ইন্টারন্যাশনালাইজড ডোমেইন নেম (আইডিএন) ডটবাংলা (.বাংলা) ডোমেইন। উদ্বোধনের পর থেকেই অনেক ডোমেইন ব্যবহারকারী প্রতিষ্ঠান ও নিজেদের নামের ডোমেইনটি কিনতে চাচ্ছেন। কিন্তু কোথাও সুস্পষ্ট ধারণা না থাকায় অনেকেই জানতে চেয়েছেন কীভাবে নিবন্ধন করা যাবে নতুন এ ডোমেইন? এ নিয়েই আজকের আয়োজন-

ডটবাংলা কী?

ডটবাংলা হচ্ছে বিশ্বব্যাপী এমন একটি অনুমোদিত ব্যবস্থা যার মাধ্যমে ইন্টারনেট ডোমেইন নেম সার্ভারে সরাসরি বাংলা ভাষায় ওয়েবসাইটের নাম নিবন্ধন ও কাক্সিক্ষত ওয়েবসাইটের ঠিকানা বাংলায় লিখে ব্রাউজ করা যায়। এতদিন যা শুধু ইংরেজি ভাষার ডোমেইনে সীমাবদ্ধ ছিল। ডটবাংলা ডোমেইন চালুর ফলে বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর দীর্ঘদিনের প্রাণের দাবি বাস্তব রূপ পেয়েছে।
যেভাবে করবেন ডটবাংলা ডোমেইন নিবন্ধন

প্রয়োজনীয় তথ্য প্রদান ও মোবাইল বা ই-মেইল ভেরিফিকেশনের মাধ্যমে একজন গ্রাহক অনলাইনে ডটবাংলা ডোমেইনের আবেদন করতে পারবেন। এ জন্য বিটিসিএলের ওয়েবসাইটে দেয়া সার্ভিস অপশনে গিয়ে রেজিস্ট্রেশনের মাধ্যমে আবেদন করা যাবে। অথবা বিডিআইএ.বাংলা অথবা bdia.btcl.com.bd এই সাইটে গিয়েও আবেদন করা যাবে। এ ছাড়া বিটিসিএলের কার্যালয়ে গিয়েও নির্ধারিত ফরম পূরণ করে পছন্দের নামে সরাসরি ডটবাংলা ডোমেইন নিবন্ধন করা যাবে।

ডটবাংলা ডোমেইনের ফি

প্রতিটি ডটবাংলা ডোমেইনের জন্য প্রথমবার নিবন্ধনের ক্ষেত্রে দু’বছরের জন্য ফি ধরা হয়েছে ১ হাজার টাকা। এরপর প্রতিবছর ৫০০ টাকা করে নবায়ন ফি দিতে হবে। মেয়াদ শেষে ডোমেইনের নবায়ন ফি দিতে হবে বছরপ্রতি ৫০০ টাকা। মেয়াদ শেষ হওয়ার এক মাসের মধ্যে নবায়নের ক্ষেত্রে ৫০০ টাকা ও তিন মাস সময়ের মধ্যে এক হাজার টাকা জরিমানার কথা বলা হয়েছে। আর ৩ মাসের মধ্যে নবায়ন না করলে ডোমেইন হারাতে হবে। এ ছাড়া মালিকানা পরিবর্তন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা।

ডোমেইন কেনার সময় যদি কেউ একসঙ্গে ৫ বছর ও ১০ বছরের ফি পরিশোধ করেন সে ক্ষেত্রে যথাক্রমে ২০ ও ৩০ শতাংশ ছাড় পাওয়া যাবে। এসবের পাশাপাশি কিছু বিশেষ শব্দের ডোমেইনের ক্ষেত্রে ফি ধরা হয়েছে ১০ হাজার টাকা। এই ডোমেইনের ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে সরকারের বিভিন্ন দফতর, কোম্পানি ও সংস্থাকে।

যেভাবে পরিশোধ করবেন ডোমেইন ফি
অনলাইনে বা অফলাইনে সফল নিবন্ধনের পর গ্রাহকরা টেলিটক সংযোগ থেকে ডোমেইন ফি প্রদান করতে পারবেন। তবে খুব দ্রুত সময়ের মধ্যেই অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, ক্রেডিট কার্ড ইত্যাদি মাধ্যম ব্যবহার করে অনলাইন পেমেন্টের মাধ্যমে ডোমেইন ফি দেয়া যাবে।

যারা ডটবাংলা নিতে পারবেন
-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।
-শিক্ষাপ্রতিষ্ঠান-স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়।
-বেসরকারি প্রতিষ্ঠান, বাণিজ্যিক সংস্থা ও ব্যাংক।
-হাসপাতাল বা সেবামূলক সংস্থা।
-এসএমই বা ক্ষুদ্র উদ্যোক্তা, স্টার্টআপ প্রতিষ্ঠান।
-ব্যক্তি, ব্লগ, সামাজিক যোগাযোগ মাধ্যম ইত্যাদি।

কবে থেকে পাওয়া যাবে এই ডোমেইন

প্রথম পর্যায়ে সব সাংবিধানিক, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও এর অঙ্গ-প্রতিষ্ঠানসমূহ ডটবাংলা ডোমেইন নিতে পারবে। সব কপিরাইট বা ট্রেডমার্ক অথবা ব্র্যান্ড নেম প্রতিষ্ঠানের জন্যও আবেদন গৃহীত ও অনুমোদিত হবে। এ ছাড়া আন্তর্জাতিক প্রতিষ্ঠানসমূহ যেমন- গুগল, মাইক্রোসফট, ফেসবুক ইত্যাদি তাদের প্রতিষ্ঠানের নামের বিপরীতে ডটবাংলা ডোমেইন নিতে পারবে। উল্লিখিত ক্যাটাগরির সবাই ১ জানুয়ারি থেকেই তাদের ডোমেইন নিতে পারবেন।

দ্বিতীয় পর্যায়ে সর্বসাধারণের জন্য এই সেবা উন্মুক্ত করে দেয়া হবে। এ সময় বিদ্যমান ডট বিডি গ্রাহকরাও তাদের প্রতিষ্ঠানের জন্য ডটবাংলা ডোমেইন নিতে পারবে। এ ছাড়া প্রথম পর্যায়ের জন্য উপযুক্ত সব গ্রাহক ডোমেইন নিতে পারবে। দ্বিতীয় পর্যায়ের ডোমেইন প্রদান শুরু হবে ১ ফেব্রুয়ারি থেকে। ডটবাংলা ডোমেইন সম্পর্কে যে কোনো সমস্যা, জিজ্ঞাসা বা পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন 
+৮৮০২৯৩৫৪২০০ এ নম্বরে অথবা ই-মেইল করুন
dotbangla—btcl.com.bd আরও জানতে ভিজিট করুন
btcl.com.bd এ ছাড়া সরাসরি যোগাযোগ করতে পারেন ৩৭/ই, ইস্কাটন গার্ডেনে অবস্থিত বিটিসিএলের প্রধান কার্যালয়ে। প্রিয়টেক।

No comments: