কৃষি/মৎস


-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
নতুন ৫ জাতের মাছ উদ্ভাবন 
এম আবদুল্লাহ আল মামুন খান, ময়মনসিংহ: নতুন পাঁচ জাতের মাছ উদ্ভাবন করেছে মত্স্য গবেষণা ইনস্টিটিউট। জেনেটিক গবেষণার মাধ্যমে রুই, রাজপুঁটি, গিফট তেলাপিয়া, লাল তেলাপিয়া ও কৈ মাছের জাত উদ্ভাবনে এ সফলতা দেখান মত্স্য বিজ্ঞানীরা।
বাঁ থেকে : গিফট তেলাপিয়া, রাজপুঁটি, রুই (ওপরে)। লাল তেলাপিয়া ও কৈ (নিচে)    -সকালের খবরঅধিক উত্পাদনশীল এসব মাছের জাত দেশব্যাপী সম্প্রসারণ করা গেলে দেশে অতিরিক্ত ৬০ থেকে ৮০ হাজার টন মাছের উত্পাদন বৃদ্ধি করা সম্ভব বলে মত্স্য বিজ্ঞানীরা মনে করেন।
মত্স্য বিজ্ঞানীরা জানান, স্থানীয় জাতের তুলনায় উদ্ভাবিত উন্নত জাতের প্রথম প্রজন্মের এই রুই মাছ ১৫ পার্সেন্টের অধিক উত্পাদনশীল। এ মাছের গায়ের রং লালচে হওয়ায় দেখতে আকর্ষণীয়। উদ্ভাবিত মাছের অন্যতম প্রজাতি হচ্ছে রাজপুঁটি। ইনস্টিটিউটে রাজপুঁটি মাছের জাত উন্নয়নের গবেষণা শুরু হয় ১৯৯৭ সালে। প্রথম পর্যায়ে থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া থেকে সংগৃহীত প্রাকৃতিক উত্সজাত এবং বাংলাদেশের স্থানীয় জাতগুলোর মধ্যে দ্বৈত অ্যালিল ক্রসিংয়ের মাধ্যমে বেজ পপুলেশন উত্পাদন এবং পরবর্তী পর্যায়ে নির্বাচিত প্রজনন পদ্ধতির মাধ্যমে দশম জেনারেশন উত্পাদন করা হয়। 
মত্স্য বিজ্ঞানী ড. মমতাজ বেগম জানান, উন্নত রাজপুঁটি জাতের চাষ দেশব্যাপী সম্প্রসারণ করা গেলে বছরে গড়ে আরও ১ দশমিক ২৫ হাজার টন উত্পাদন বৃদ্ধি পাবে। মত্স্য বিজ্ঞানী মো. আলমগীর জানান, তেলাপিয়া নাইলোটিকার গিফট জাত দেশে ১৯৯৪ সালে আমদানি করার পর থেকেই এ মাছটির জাত উন্নয়ন শুরু হয়। স্থানীয় গিফট জাতের তেলাপিয়ার তুলনায় উদ্ভাবিত উন্নত জাতের বিএফআরআই গিফট জাত ৩২ দশমিক ৬৬ পার্সেন্ট অধিক উত্পাদনশীল। রোগ প্রতিরোধে অধিক সহনশীল গিফট তেলাপিয়ার চাষ বাণিজ্যিকভাবে সম্প্রসারণের ফলে বর্তমানে তেলাপিয়ার উত্পাদন বেড়ে গিয়ে প্রায় এক লাখ টনে উন্নীত হয়েছে। ২০০৯ সালের সেপ্টেম্বরে থাইল্যান্ড থেকে কৈ মাছের জার্মপ্লাজম সংগ্রহ করা হয়। আমদানিকৃত এ কৈ মাছ হতে ‘ব্রুড স্টক রিপ্লেসমেন্ট’ অবলম্বনে উন্নত জাতের এ পোনা উত্পাদন করা হয়।
এ বিষয়ে বাংলাদেশ মত্স্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) মহাপরিচালক অধ্যাপক ড. সুভাষ চন্দ্র চক্রবর্তী বলেন, বিএফআরআই জেনেটিক গবেষণার মাধ্যমে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ মাছের পাঁচটি প্রজাতি রুই, রাজপুঁটি, গিফট তেলাপিয়া, লাল তেলাপিয়া ও কৈ মাছের অধিক উত্পাদনশীল জাত উদ্ভাবনে সফলতা লাভ করেছে। এতে করে দেশে মাছের উত্পাদন অনেক বৃদ্ধি পাবে।

 

No comments: