বিনোদন

 --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
সংখ্যালঘুদের নিয়ে বাংলাদেশ ও ভারতের সমস্যা একই ধরনের 

                                              --ঢাকায় শাবানা আজমী
নিজস্ব প্রতিবেদক: ভারতের চলচ্চিত্র ব্যক্তিত্ব ও সমাজকর্মী শাবানা আজমী বলেছেন, সংখ্যালঘুদের নিয়ে বাংলাদেশ ও ভারতের অভিজ্ঞতা অনেকটাই একরকম, সমস্যাও একই ধরনের। ধর্মীয় সংখ্যালঘু বা সংখ্যাগুরু এভাবে না দেখে, মানুষের মৌলিক অধিকারকেই গুরুত্ব দিতে হবে বলে মত প্রকাশ করে তিনি বলেন, সাম্প্রদায়িক যেকোনো সহিংসতায় দায়ীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। গতকাল সন্ধ্যায় ঢাকার রূপসী বাংলা হোটেলে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ সোসাইটি আয়োজিত ‘গণতন্ত্র ও সংখ্যালঘু’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। শাবানা আজমী বলেন, গণতন্ত্রে সংখ্যালঘু ইস্যুটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। সংবিধান, আইন, সামাজিকতা ও মানবিকতাবোধ থেকেই সংখ্যালঘুদের পাশে দাঁড়াতে হবে। সংখ্যাধিক্যের চেয়ে মৌলিক অধিকারকে বড় করে দেখতে হবে। রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব পাওয়া সরকারগুলো সংখ্যালঘুদেরকে তাদের ভোটব্যাংক হিসেবে ব্যবহার করলেও তাদের অধিকার রক্ষা করছে না বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, বিভিন্ন দেশে সংখ্যালঘু মানুষ ভোটব্যাংক হিসেবে ব্যবহূত হলেও তাদের ক্ষমতা দেওয়া হয় না। শাবানা আজমী বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতীয়দের আত্মিক সম্পর্ক রয়েছে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান একে আজাদ চৌধুরীর সভাপতিত্বে এ আলোচনা সভায় আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, অর্থনীতিবিদ আবুল বারকাত, অধ্যাপক মুনতাসীর মামুন, সাবেক সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ বক্তব্য রাখেন। এছাড়া আলোচনায় অংশ নেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, সাংবাদিক আবেদ খান, বিএফডিসির চেয়ারম্যান পীযূষ বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

 ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

বিয়ের গুঞ্জনে আরেফিন রুমি

যমুনা নিউজ : এবার যুক্তরাষ্ট্রে গিয়ে বিয়ে করেছেন এ সময়ের আলোচিত গায়ক, সুরকার ও সংগীতপরিচালক আরফিন রুমি এমন একটি খবর রটেছে মিডিয়ায়। বিষয়টি নিয়ে কথা হয় এক যুক্তরাষ্ট্রপ্রবাসীর সঙ্গে।

তিনি বলেন, ‘এবার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার আগে এখানকার (যুক্তরাষ্ট্র) প্রবাসী মেয়ে কামরুন নেসার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আরফিন রুমি। কামরুন নেসা নিউইয়র্কের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। কামরুন নেসা ছিলেন রুমির গানের একনিষ্ঠ ভক্ত। রুমি নিউইয়র্কে গান করতে এলে তাঁর সঙ্গে কামরুন নেসার পরিচয় ও সম্পর্ক।’

এ বিষয়ে জানতে চাইলে আরফিন রুমি বলেন, ‘কামরুন নেসা মূলত আমার গানের ভক্ত। যুক্তরাষ্ট্রেই তাঁর সঙ্গে আমার পরিচয়। এরপর থেকে আমাদের মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। ফেসবুকে ও মুঠোফোনে নিয়মিত যোগাযোগ হয়। এবার আমরা একসঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছি।’

No comments: