বিদেশ


তাজমহলের চার গুণ বড় তাজ অ্যারাবিয়া!

---------------------------------------------------------
ঘূর্ণিঝড় স্যান্ডি
জনপদ তছনছ, নিহত ৪৫


Wed, Oct 31st, 2012 9:40 am
লাবলু আনসার
নিউইয়র্ক প্রতিনিধি

নিউ ইয়র্ক, ৩১ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব উপকূলে অন্তত ৪৫ জনের প্রাণ কেড়ে নিয়ে, বিদ্যুৎ বিতরণ ও যোগাযোগ ব্যবস্থা লণ্ড ভণ্ড করে আরো উত্তরে কানাডার দিকে সরে গেছে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় স্যান্ডি।

বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রে গত ১০০ বছরের মধ্যে সবচেয়ে বেশি শক্তি নিয়ে তাণ্ডব চালিয়েছে স্যান্ডি। ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে নিউ ইয়র্ক রাজ্যকে দুর্গত এলাকা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। কেবল এ রাজ্যেই নিহত হয়েছেন ১৮ জন।

দুর্যোগ কবলিত ১৩টি রাজ্যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে টানা দ্বিতীয় রাতের মতো অন্ধাকারে কাটাতে হচ্ছে অন্তত ৮০ লাখ মানুষকে। ১৪ ফুট উঁচু জলোচ্ছ্বাসে সাবওয়ে টানেলে পানি ঢুকে পড়ায় নিউ ইয়র্কের গণ পরিবহন ব্যবস্থা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।

স্যান্ডির কারণে গত চার দিনে অন্তত ১৮ হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে যুক্তরাষ্ট্রের বিমান বন্দরগুলোতে।

প্রেসিডেন্ট বরাক ওবামা স্যান্ডির আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত নিউ জার্সি সফরে আসছেন বুধবার (বাংলাদেশ সময় বুধবার সন্ধ্যার পর)। ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পর্যবেক্ষণে মঙ্গলবার বিকালে তিনি ওয়াশিংটনে রেডক্রস ভবনে যান।

সেখানে দুর্গতদের উদ্দেশ্যে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমেরিকা আপনাদের সঙ্গেই আছে।... যা ঘটেছে, তাতে পুরো জাতির হৃদয় আজ ক্ষতবিক্ষত।”

ক্ষতিগ্রস্তরা যাতে এই ঝড়ের তাণ্ডব ভুলে আবার উঠে দাঁড়াতে পারে, সেজন্য সম্ভব সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন প্রেসিডেন্ট।

স্থানীয় সময় সোমবার রাত ৮টার দিকে (বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৬টা) ঘণ্টায় ১২৯ কিলোমিটার বেগে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি উপকূল অতিক্রম করে রাতভর তাণ্ডব চালায় প্রলয়ঙ্করী স্যান্ডি।

ঘূর্ণিঝড় উপকূলে পৌঁছানোর সময় পূর্ণিমার প্রভাবে রেকর্ড ১৪ ফুট উঁচু জলোচ্ছ্বাসে তলিয়ে যায় নিউ ইয়র্ক শহরের নিচু এলাকা। ক্যাসিনোর জন্য বিখ্যাত আটলান্টিক সিটিও চলে যায় প্রায় ৮ ফুট পানির নিচে।

হাডসন নদীর পানি উপচে তলিয়ে যায় লোয়ার ম্যানহাটনের বেশ কিছু এলাকা। রাস্তার বিভিন্ন টানেল ও সাবওয়েগুলো সয়লাব হয়ে যায় পানিতে।

নিউ ইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ বলছেন, যা আশঙ্কা করা হয়েছিল- জলোচ্ছ্বাস হয়েছে তার চেয়েও মারাত্মক। এ শহরের শত বছরের পুরনো পাতাল রেল ব্যবস্থাকে এর আগে আর কখনোই এমন নাজুক পরিস্থিতিতে পড়তে হয়নি বলে জানিয়েছেন নিউ ইয়র্কের মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি।

যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক রাজধানী হিসাবে পরিচিত এ শহরে বুধবারও বন্ধ থাকবে সব স্কুল। দুই দিন বন্ধ থাকার পর নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে ফ্লোর ট্রেডিং এদিন আবার শুরু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিউ ইয়র্কের কুইনস এলাকায় ধ্বংস হয়েছে প্রায় ৫০টি বাড়ি। বন্যার কারণে বিদ্যুতের সাব স্টেশন বিস্ফোরিত হয়ে লোয়ার ম্যানহাটনের বেশির ভাগই এলাকাই এখন বিদ্যুৎহীন।

জ্বালানি কোম্পানি কন এডিসনের ভাইস প্রেসিডেন্ট জন মিকাসডের মতে, যুক্তরাষ্ট্রের ইতিহাসে ঝড়ের কারণে এতো বড় বিদ্যুৎ বিভ্রাট আর কখনো ঘটেনি।

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় নিউ ইয়র্কের একটি হাসপাতাল থেকে সরিয়ে নেয়া হয়েছে প্রায় ২০০ রোগীকে। দুর্ঘটনা এড়াতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে নেয়া হয়েছে বিশেষ সতর্কতা।

নিউ জার্সির উত্তরাঞ্চলে বাধ ভেঙে বন্যার পানিতে ভেসে গেছে মুনাকি শহর। বার্গান কাউন্টির কর্মকর্তা জেনা বারাত্তা জানান, মুনাকির প্রতিটি রাস্তায় ৪ থেকে ৫ ফুট পানি জমে গেছে।

ক্যারিবীয় সাগরে সৃষ্ট এ ঝড় জ্যামাইকা, হাইতি ও কিউবার ওপর দিয়ে যুক্তরাষ্ট্রের দিকে যাওয়ার পথে অন্তত ৬৭ জনের প্রাণ কেড়ে নেয়। ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ক্যারিবীয় অঞ্চলের এ তিন দেশে।

প্রলয়ঙ্করী এ ঝড় যুক্তরাষ্ট্রের উপকূলে পৌঁছানোর আগেই প্রেসিডেন্ট ওবামা ম্যাসাচুসেটস, কানেটিকাট, রোড আইল্যান্ড, নিউ ইয়র্ক, নিউ জার্সি ও পেনসিলভানিয়ায় জরুরি অবস্থা জারি করেন। পৌনে ৪ লাখ লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়।

স্যান্ডি এখন খানিকটা দুর্বল হয়ে এগিয়ে যাচ্ছে উত্তরে, কানাডার দিকে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার বলছে, হ্যারিকেন স্যান্ডি স্থলভাগে উঠে এসে এখন পোস্ট ট্রপিক্যাল ঝড়ের রূপ নিয়েছে। আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টায় বৃষ্টি ঝরিয়ে আরো দুর্বল হয়ে পড়বে এই ঝড়।

পাশাপাশি পশ্চিম ভার্জিনিয়া, ভার্জিনিয়া ও কেন্টাকিতে ৩ ফুট পর্যন্ত তুষাপাতের আশঙ্কা করা হচ্ছে  
 -------------------------------------------------
স্যান্ডির প্রভাবে। 
ঘূর্ণিঝড় স্যান্ডি: সড়ক পানির নিচে, বিদ্যুৎহীন কোটি মানুষ
Tue, Oct 30th, 2012 4:11 pm
 
লাবলু আনসার
নিউইয়র্ক প্রতিনিধি
নিউইয়র্ক, ৩০ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘণ্টায় ১২৯ কিলোমিটার বেগে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি উপকূল অতিক্রম করে রাতভর তাণ্ডব চালিয়েছে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় স্যান্ডি, যার আঘাতে নিহত হয়েছেন অন্তত ১৫ জন।

স্থানীয় সময় সোমবার রাত ৮টার দিকে (বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৬টা) ঘূর্ণিঝড় উপকূলে পৌঁছানোর সময় পূর্ণিমার প্রভাবে রেকর্ড ১৩ ফুট উঁচু জলোচ্ছ্বাসে তলিয়ে যায় নিউ ইয়র্ক শহরের নিচু এলাকা। ক্যাসিনোর জন্য বিখ্যাত আটলান্টিক সিটিও চলে যায় প্রায় ৮ ফুট পানির নিচে।

ঘূর্ণিঝড় কবলিত ১৩টি রাজ্যে ৬৫ লাখ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় অন্ধকারে ডুবে যায় এক কোটিরও বেশি মানুষ। ওই অবস্থায় ঝড়ের গর্জনের মধ্যে সোমবার রাত কাটে তাদের।

এসব এলাকার পৌনে ৪ লাখ অধিবাসীকে ২৪ ঘণ্টা আগেই নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হলেও ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

নিউ জার্সি, নিউ ইয়র্ক, মেরিল্যান্ড, পেনসিলভেনিয়া, ওয়েস্টভার্জিনিয়া ও কানেটিকাট, ম্যাসাচুসেটস মিলিয়ে ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে কয়েকজন মারা গেছেন ঝড়ে গাছ পড়ে।

স্যান্ডির আঘাতে কেবল নিউ ইয়র্কেই মারা গেছে ৬ জন।

ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে এ মোমেন দুর্যোগ কবলিত এলাকার প্রবাসী বাংলাদেশিদের খোঁজ-খবর রাখছেন।

মোমেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মিশিগান, আটলান্টিক সিটি, ভার্জিনিয়া, বস্টন, নিউ ইয়র্ক, পেনসিলভেনিয়া, ম্যারিল্যান্ড, ডিসি, কানেটিকাট, নর্থ ক্যারলিনায় বাংলাদেশিদের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি। কোথাও কিছু ঘটলে এবং খবর পেলে যতটা সম্ভব আমরা করার চেষ্টা করব।”

স্যান্ডি এগিয়ে আসতে থাকায় গত রোববারই যুক্তরাষ্ট্রের ছয় রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়। ছুটি ঘোষণা করা হয় সব স্কুলে। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে সোমবারের সব কর্মসূচি বাতিল করা হয় এবং ট্রেডিং ফ্লোর বন্ধ রাখার ঘোষণা দেয় নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ।


ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় অন্ধকারে রয়েছে প্রায় ৩০ লাখ মানুষ। সব মিলিয়ে অন্তত পাঁচ কোটি মানুষ এই ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হবে বলে ধারণা করা হচ্ছে।

স্যান্ডির কারণে নিউইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভেনিয়া, ওয়াশিংটন, ডেলওয়ারে, কানেকটিকাট ও বস্টন বিমানবন্দরে গত তিন দিনে ১৪ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। গত বছরের অগাস্টে হারিকেন আইরিনের প্রভাবে ৪ দিনে মোট ১৪ হাজার ফ্লাইট বাতিল হয়েছিল।

বেসরকারি গবেষণা সংস্থা ইকিউইসিএটির প্রাথমিক পূর্বাভাসে বলা হয়েছে স্যান্ডির আঘাতে ক্ষতির পরিমাণ ২০ বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে।

গত বছরের হারিকেন আইরিনের ক্ষতির পরিমাণ ছিল ১০ বিলিয়ন ডলার। আর ২০০৫ সালে প্রলয়ঙ্করী হারিকেন ক্যাটরিনায় ক্ষতিগ্রস্তদের বিমা বাবদেই দিতে হয়েছিল ৪৫ বিলিয়ন ডলার।

ক্যারিবীয় সাগরে সৃষ্টি হওয়ার পর জ্যামাইকা, হাইতি ও কিউবার ওপর দিয়ে যুক্তরাষ্ট্রের দিকে যাওয়ার পথে অন্তত ৬৭ জনের প্রাণ কেড়ে নেয় স্যান্ডি। ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ক্যারিবিয় অঞ্চলের এ তিন দেশে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার বলছে, হ্যারিকেন স্যান্ডি স্থলভাগে উঠে এসে এখন পোস্ট ট্রপিক্যাল ঝড়ের রূপ নিয়েছে। আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টা যুক্তরাষ্ট্রের ১২টি রাজ্যে তাণ্ডব চালিয়ে ও বৃষ্টি ঝড়িয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে পারে। পাশাপাশি পশ্চিম ভার্জিনিয়া, ভার্জিনিয়া ও কেন্টাকিতে ৩ ফুট পর্যন্ত তুষাপাতের আশঙ্কা করা হচ্ছে স্যান্ডির প্রভাবে।

এদিকে আগামী ৬ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনেও স্যান্ডি বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

ডেমোক্র্যাট দলের প্রার্থী প্রেসিডেন্ট বরাক ওবামা এবং রিপাবলিকান দলের প্রার্থী মিট রমনি দুজনেই প্রচারণা স্থগিত রাখতে বাধ্য হয়েছেন। হোয়াইট হাউজ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন প্রেসিডেন্ট বরাক ওবামা। তিনি দুর্যোগ কবলিত এলাকায় ন্যাশনাল গার্ড এবং পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে পুনর্বাসনের পদক্ষেপ নিতে ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অথরিটিকে নির্দেশ দিয়েছেন।
  ----------------------------------------------------------------------------
ওয়াশিংটনে কোরবানির গরু নিয়ে প্রতারণা!

নিউইয়র্ক প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
নিউইয়র্ক থেকে:কোরবানির ঈদের দিনেও কয়েকজন বাঙালি মুসলমানের প্রতারণায় দুর্ভোগের শিকার হতে হয়েছে অনেক ধর্মপ্রাণ মুসলমানকে। অনেকের খুশির ঈদ ম্লান হয়েছে। অনেকেই গরু কিনেও কোরবানির দিনে কোরবানি করার জন্য গরু খুঁজে পাননি। ফলে তারা আর কোরবানি দিতে পারেননি।

কোরবানির দিনে দেখা গেছে, একই কোরবানির গরুর মালিক একাধিক। এমনও দেখা গেছে, জবাই করবেন বলে এক পক্ষ গরু দড়ি দিয়ে বেঁধে রেখেছে, আরেক পক্ষ এসে বলছেন, ‘‘এটা আমাদের গরু, আপনারা বাঁধছেন কেন?’’ ঠিক সেই সময়েই তৃতীয় পক্ষ এসে বাঁধা গরুটি জবাই করে নিয়ে চলে গেলো গায়ের জোরে।
এ নিয়ে বাদানুবাদও বেঁধে যায় কোরবানিদাতাদের মধ্যে। অনেকেই গরু কোরবানি দিতে না পেরে হতাশ হয়ে বাড়ি ফিরেছেন খালি হাতে। আবার অনেকেই সারাদিন অপেক্ষা করে ফার্মের মালিক যা দিয়েছেন তাই নিয়ে কোরবানি দিয়েছেন। ফলে মধ্যরাত পর্যন্তও সেখানে গরু জবাই করতে দেখা গেছে।
এ ধরনের একাধিক ঘটনা ঘটে ল্যারি সামস নামক এক ব্যক্তির ফার্মে। জানা গেছে, ঈদের দিনে মুসলিম নামধারী কিছু লোক নির্ধারিত সময়ের আগেই ফার্মে গিয়ে সবচেয়ে বড় বড় কোরবানির গরু তাদের কেনা বলে দাবি করেন! ফার্মের মালিক ল্যারি সামস দুর্বৃত্তদের কথামতো গরুগুলো জবাই করে দেন। কিন্তু তারা
কোরবানির মাংস নিয়ে সেখান থেকে সটকে পড়েন মালিককে পাওনা টাকা না দিয়েই। পরে গরুগুলোর প্রকৃত ক্রেতারা সেখানে এলেও গরু খুঁজে না পাওয়ায় ঈদের দিন কোরবানি দেওয়া থেকে বঞ্চিত হন।

কোরবানির ঈদের দিন বিকেলে ফার্মের মালিক ল্যারি, তার স্ত্রী ও মেয়েকে কাঁদতে দেখা যায়। সঙ্গে সঙ্গে ফার্মের কর্মচারী, অনেক ধর্মপ্রাণ মুসলমানকে চোখ মুছতে দেখা যায়। ল্যারির মেয়ে কাঁদতে কাঁদতে বললেন, ‘‘দেখুন, আমার বাবা খুব মর্মাহত ব্যাপারটি নিয়ে। আমরাও দুঃখিত খুব। আমরা পরিবারের সবাই আজকে এখানে ফ্রি সার্ভিস দিচ্ছিলাম কোরবানি ঈদ উপলক্ষে। এখানে আমরা সবাইকে খাবার, স্ন্যাক্স, পানি ফ্রি খাইয়েছি। বাচ্চাদের জন্য খেলার পার্ক দিয়েছিলাম আমাদের নিজ খরচে। আর দেখুন বিনিময়ে আমরা কি পেলাম? আমরা আর এ নিয়ে কথা বলতে চাই না।’’

ঈদের পরের দিনও সেখানে গিয়ে দেখা যায়, শত শত ধর্মপ্রাণ মুসলমান সেখানে কোরবানি দিচ্ছেন। আবার অনেকেই আগের দিনের দুঃখজনক ঘটনার শিকার হয়ে শূন্য হাতে ফিরে যাওয়া মানুষ, যারা নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারেননি। সাংবাদিকদের দেখে তারা ছুটে আসেন এবং তাদের দুঃখ-দুর্দশার কথা বলেন। তারা অনুরোধ জানান, সংবাদটি গুরুত্ব দিয়ে প্রচার করার জন্য;  ভবিষ্যতে এমন দুঃখজনক ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে। এদিনও ফার্মের মালিক ল্যারি সামসকে বিষণ্ণ দেখায়।
‘‘কেউ এসে বললেন, গরুটি আমার আর আপনি তা কেটে দিয়ে দিলেন কেন? কেন আগে টাকা নিলেন না?’’ এমন প্রশ্ন করলে ল্যারি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন কিছুক্ষণ। তার একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, ‘‘আমি নিজে ব্যক্তিগতভাবে ধর্মপ্রাণ মানুষ। পারলে মানুষের উপকার করার চেষ্টা করি, না পারলে চুপ থাকি। কোনো মানুষ ঈদের দিনে যা আল্লাহকে কোরবানি দেবেন সেটা নিয়েও প্রতারণা করবেন তাই কি হয়? এ-ও কি সম্ভব? আমার মনে কখনো এই চিন্তাই আসেনি যে কোনো মুসলমান তার সৃষ্টিকর্তার সঙ্গে এমন তামাশা করতে পারে! আমি এখনো বিশ্বাস করতে পারি না। তারা হয়তো আবার ফিরে এসে আমার টাকাটা দিয়ে যাবেন, আমার বিশ্বাস এমনই!’’

ল্যারি জানান, ‘‘তারা এসেই অন্যের কেনা গরু তাদের বলে দাবি করেন। আমিও তাদের কেনা গরুগুলো দেখাই। কিন্তু তারা ফার্মের সব থেকে বড় গরুগুলো তাদের বলে দাবি করেন। এতে যারা প্রকৃত ক্রেতা তারা সীমাহীন দুর্ভোগের শিকার হন। এতে আমার এখানে ব্যাপক অব্যবস্থাপনার সৃষ্টি হয়। আসল ক্রেতাদের আমার আবার নতুন করে গরু এনে দিতে হয় এবং সেগুলো নতুন করে কাটতে কাটতে অনেকের রাত ১২টা বেজে যায়!’’

‘‘আপনি পুলিশ ডাকলেন না কেন?’’ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘দেখুন, ঈদ আনন্দের, খুশির। এই দিনে পুলিশ ডেকে আমি কারোর আনন্দ মাটি করতে চাইনি। আমার তো সব রেকর্ড আছে। কারা এগুলো করেছেন তার তালিকা আছে। কিন্তু আমি কোনো আইনগত ব্যবস্থা নিচ্ছি না আপাতত। তারা হয়তো জানেন না ‘কোরবানি’ মানে কি? কিন্তু আমি তো জানি। তারা টাকা না দিলে আমি মনে করবো এটা আমার জন্য স্যাক্রিফাইস! কেউ চাইলে আমি সব তথ্য দিতে পারি। আমার ১৫ হাজার ডলার লোকসান হয়েছে আজ, এতে আমার কোনো কষ্ট নেই। দুঃখ লাগে তাদের জন্য, যারা এই মহান ত্যাগের দিনেও মানুষকে ঠকান, আল্লাহকে ঠকিয়ে নিজেই ঠকেন।’’

তবে ল্যারি জানান, ‘‘দ্বিতীয় দিনে কোরবানি দিতে আসা মুসলমানেরা অনেক ধর্মপ্রাণ। তারা জানেন, ত্যাগের মহিমা কি! এখন পর্যন্ত কোন অনিয়ম আজ দেখা যায়নি।’’

এ কথা বলে প্রাণ খুলে হাসতেও দেখা গেলো তাকে। তিনি সাংবাদিকদের নিউজটা করার অনুরোধ জানান।

সেখানে ভার্জিনিয়া আওয়ামী লীগের সভাপতি রফিক পারভেজ ও মেট্রো ওয়াশিংটন বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলী বলেন, ‘‘আমরা খুবই ভাগ্যবান যে প্রবাসে থেকেও আমরা কোরবানি দিতে পারছি।’’ তবে দু`জনেই ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করে দোষী ব্যাক্তিদের শাস্তি দাবি করেন। সেখানে কমিউনিটির নেতা, সাংবাদিক কবি বাবুল নকরেকসহ অনেকেই উপস্থিত ছিলেন।

ক্যামেরার সামনে যৌন কেলেঙ্কারি! (ভিডিও)
অনলাইন ডেস্ক | তারিখ: ২৬-১০-২০১২
সেভিলের কর্মকাণ্ডে সিলভিয়া ভেঙে পড়লেও তাঁর সঙ্গে ঠাট্টা-মশকরা করার চেষ্টা করেন সেভিল।
একপর্যায়ে সিলভিয়া অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তখনও তাঁকে ধরে রাখার চেষ্টা �সেভিলের কর্মকাণ্ডে সিলভিয়া ভেঙে পড়লেও তাঁর সঙ্গে ঠাট্টা-মশকরা করার চেষ্টা করেন সেভিল।সরাসরি সম্প্রচারিত ‘টপ অব দ্য পপস’ অনুষ্ঠানে সবার মাঝে মাইক্রোফোন হাতে উপস্থাপক জিমি সেভিল। তাঁর ডান পাশে ছোট সোনালি চুলের কিশোরী সিলভিয়া। এ সময় সেলভিয়ার গায়ে হাত দেন সেভিল।একপর্যায়ে সিলভিয়া অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তখনও তাঁকে ধরে রাখার চেষ্টা করেন সেভিল।
জনপ্রিয় এক উপস্থাপকের যৌন কেলেঙ্কারি নিয়ে বেকায়দায় পড়েছে বিবিসি টেলিভিশন। তাঁর হাতে নির্যাতনের শিকার প্রায় ২০০ নারীকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ পুলিশ। জিমি সেভিল নামের ওই উপস্থাপক মারা গেছেন বছর খানেক আগে।
৮৪ বছর বয়সে মারা যাওয়ার আগে টেলিভিশন উপস্থাপক, ডিস্ক জকি (ডিজে) এবং তহবিল সংগ্রহকারক হিসেবে জিমি সেভিল এত সুখ্যাতি অর্জন করেছিলেন যে তাঁকে ব্রিটেনের সম্পদ হিসেবে অভিহিত করা হতো। এখন অভিযোগ উঠেছে, নিজের এই সুনামকে কাজে লাগিয়ে তিনি নারীদের, বিশেষ করে কিশোরী ও তরুণীদের যৌন হয়রানি করতেন, এমনকি বিবিসির কার্যালয়েও তিনি এ কাজ করেছেন।
ব্রিটিশ পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, জিমি সেভিলের যৌন হয়রানির মাত্রা ছিল অকল্পনীয়। তাঁর হাতে যৌন হয়রানির শিকার হয়েছেন এমন দুই শতাধিক নারীর হদিস পাওয়া গেছে। তাঁদেরই একজন, সিলভিয়া এডওয়ার্ড। বর্তমানে দুই সন্তানের মা পঞ্চাশোর্ধ্ব এই নারী তাঁর কিশোরী বয়সে হেনস্তা হয়েছিলেন সেভিলের হাতে। ‘টপ অব দ্য পপস’ অনুষ্ঠানে অন্য তরুণীদের সঙ্গে তিনি ছিলেন সেভিলের পাশে। এ সময় এক হাতে মাইক্রোফোন নিয়ে পরবর্তী গানের ঘোষণা দেওয়ার সময় সেভিলের অন্য হাত চলে যায় সিলভিয়ার স্কার্টের নিচে। তাঁর হাত ঘুরে বেড়াতে থাকে সেখানে। মাঝেমধ্যে চাপ দিতে থাকেন সিলভিয়ার নিতম্বে। এই দৃশ্য ধরা পড়ে ক্যামেরায়।

বিপর্যস্ত সিলভিয়া অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যান। এরপর তিনি বিবিসির এক কর্মীর কাছে সেভিলের বিরুদ্ধে অভিযোগ করেন। কিন্তু ওই কর্মী তাঁকে একরকম ঘাড় ধরে বের করে দেন বলে অভিযোগ করেছেন সিলভিয়া।
-----------------------------------------
কাস্ত্রোর আয়ু মাত্র এক সপ্তাহ!

হাভানা, ২০ অক্টোবর: কিউবার সাবেক নেতা ফিদেল কাস্ত্রোর স্বাস্থ্য ঘিরে গুজবের সৃষ্টি হয়েছে। এই গুজব আরও উস্কে দিয়েছেন ভেনিজুয়েলার একজন ডাক্তার।

গত সপ্তাহে ওই ডাক্তার জানান, কিউবার সাবেক বিপ্লবী নেতার বড় ধরনের স্ট্রোক হয়েছে, তার অবস্থা আশংকাজনক এবং তিনি আর বড় জোর এক সপ্তাহ বাঁচবেন।

যদিও রাষ্ট্রীয় গণমাধমে প্রকাশিত এবং আমেরিকায় কাস্ত্রোর আত্মীয় স্বজনদের কাছে লেখা একটি চিঠিতে তিনি পুরোপুরি অস্বীকার করেন যে তিনি মৃত্যুর খুব কাছাকাছি। খবর নিউ ইয়র্ক পোস্টের।

ডাক্তার জোসে রাফায়েল মারকুইনারের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি জানায়, ৮৬ বছর বয়স্ক কাস্ত্রোর মস্তিষ্কের ডান ধমনীতে রক্ত চলাচল স্বাভাবিক নয় এবং কৃত্রিম শ্বাসপ্রশ্বাস ব্যবস্থা ছাড়া তিনি নিশ্বাস নিতে পারছেন না।   মারকুইনার আরও বলেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ মাঝে মাঝেই তার বন্ধুকে সঙ্গ দিতে হাভানায় আসেন।

যাই হোক সম্প্রতি কাস্ত্রো পরিবারের দুজন সদস্য কাস্ত্রোর শারীরিক অবস্থার ব্যাপারে গণমাধ্যমে যা প্রকাশিত হয়েছে তাকে গুজব বলে উড়িয়ে দিয়েছে।

কাস্ত্রোর বোন জুয়ানিতা কাস্ত্রো অ্যাসোসিয়েটেড প্রেসকে মিয়ামিতে জানায় তার ভাইয়ের অবস্থা নিয়ে প্রকাশিত খবর ‘খাঁটি গুজব’ আর ‘বোকামি’ ছাড়া কিছুই নয়।
ঢাকা টাইমস ডেস্ক 
-----------------------------------------------------------------------------------------------------------
শিক্ষার্থীদের নিরাপত্তায় ব্যবস্থা নিন ইসলামাবাদের প্রতি হিউম্যান রাইটস ওয়াচ
সকালের খবর ডেস্ক:
মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলেছে, পাকিস্তানের ছাত্র, শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান, মানবাধিকার কর্মীদের জঙ্গি হামলা থেকে সুরক্ষায় সে দেশের সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। সে দেশে নিযুক্ত সংস্থাটির পরিচালক এক বিবৃতিতে গতকাল এ দাবি জানান। ডন।
এইচআরডব্লিউ জানায়, পাকিস্তানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক, শিক্ষার্থী, মানবাধিকার কর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তালেবান হামলার ঝুঁকিতে রয়েছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কার্যকর ব্যবস্থা গ্রহণের এখনই সময়। তালেবান, আল কায়দা ও এর সহযোগী সংগঠনগুলোকে শিক্ষা প্রতিষ্ঠানে হামলা থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছে সংস্থাটি। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কেন্দ্র করে ঘাঁটি করা থেকে বিরত থাকতে সে দেশের সেনাবাহিনীর প্রতি আহ্বান জানানো হয়। চলতি বছর পাকিস্তানের ৯৬টি স্কুলে জঙ্গি হামলা হয়েছে-এ প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সংস্থাটি এ বিবৃতি দেয়। অন্যদিকে জাতিসংঘ জানিয়েছে ২০১১ সালে ১৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা হয়েছে।
বিবৃতিতে পাকিস্তানে নিযুক্ত এইচআরডব্লিউ’র পরিচালক আলী দেওয়ান হাসান বলেন, বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্থানগুলোর মধ্যে পাকিস্তানের স্কুলগুলো অন্যতম। যে কোনো সময় পুনরায় সেখানে হামলা হতে পারে। বিষয়টি অনুধাবন করে পাকিস্তান সরকার যদি পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করে তবে দুর্ঘটনা থেকে পরিত্রাণ পাওয়া যেতে পারে। ৯ অক্টোবর স্কুলশিক্ষার্থী ও শিশু অধিকার কর্মী মালালা ইউসুফজাইকে স্কুল থেকে ফেরার পথে হামলা করে তালেবান জঙ্গিরা। এতে মালালা মাথায় গুলিবিদ্ধ হন। ওই ঘটনায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে। দেওয়ান হাসান বলেন, এ ধরনের প্রতিবাদ প্রতিটি ঘটনায়ই দেখানো উচিত। পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকার স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা জঙ্গি হামলা নিয়ে উদ্বিগ্ন। বাবা-মা শঙ্কায় থাকেন তাদের সন্তানরা স্কুল থেকে ঠিকমতো বাড়ি ফিরে আসতে পারবে কি না। তিনি বলেন, মালালার ঘটনা একটি দৃষ্টান্ত। পাকিস্তানের সব শিক্ষা প্রতিষ্ঠানেই নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

 ----------------------------------------------------------------------------------------------------------------------------
বিস্ময়কর ব্যাঙ! 
জাপানে বিস্ময়কর এক প্রজাতির ব্যাঙের সন্ধান পাওয়া গেছে। তাদের আঙুলে ধারালো শক্ত নখ রয়েছে। এগুলো আবার শক্ত আবরণ দিয়ে ঢাকা। শত্রুর আক্রমণ থেকে সুরক্ষায় এগুলো ব্যবহার করে থাকে। পুুরুষ ব্যাঙ নারী ব্যাঙের সঙ্গে যৌনক্রিয়ার সময়ও নখগুলো ব্যবহার করে থাকে। শুধু যে পুরুষ প্রজাতির ব্যাঙেরই নখ আছে তেমনটি নয়। নারী ব্যাঙের থাকলেও তা তারা ব্যবহার করে না। নখগুলো দেখতে অনেকটা কমেডি মুভি এক্স মেনের অভিনেতা হাগ জেকম্যানের মতো। ওই মুভিতে জেকম্যানের সূচালো বড় আকৃতির নখগুলো তার বড় অস্ত্র হিসেবে ব্যবহূত হয়েছে। জাপানের গবেষকরা সম্প্রতি এই ভিন্ন বৈশিষ্ট্যের ব্যাঙগুলো সন্ধান করে বের করেছেন। নাম দিয়েছেন অটন ফ্রগ। গবেষকরা জানান, গ্রীষ্মমণ্ডলীয় এলাকায় স্যাঁতসেঁতে আবহাওয়ায় বেড়ে ওঠে এগুলো। জাপানের দক্ষিণাঞ্চলীয় আমামি দ্বীপে এদের বসবাস। তবে অন্য প্রাণীর আক্রমণে ব্যাঙগুলোর প্রজাতি হুমকির মুখে রয়েছে। সম্প্রতি টোকিও বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব জার্নালে গবেষণার প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। গবেষণায় নেতৃত্ব দিয়েছেন টোকিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইউয়ি। ডেইলি মেইল। 

------------------------------------------------
বাংলাদেশের সঙ্গে ভিসা প্রক্রিয়া সহজ করতে আগ্রহী ভারত
অনলাইন প্রতিবেদন:বাংলাদেশের সঙ্গে ভিসা প্রক্রিয়া সহজ করতে আগ্রহী ভারত । দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে আজ শনিবার টাইমস অব ইন্ডিয়ার খবরে এ তথ্য জানানো হয় ।
খবরে বলা হয়, প্রায় এক মাস আগে পাকিস্তানের সঙ্গে উদার ভিসা প্রক্রিয়াজনিত চুক্তি স্বাক্ষর করেছে ভারত। এর পরই তারা প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে ভিসা সহজীকরণের ব্যাপারে আগ্রহী হয়েছে।
এ উদ্যোগের লক্ষ্য হচ্ছে, বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, ব্যবসায়ী, শিক্ষার্থী, রোগী ও পর্যটকদের আসা-যাওয়া সহজ করা ।
চলতি মাসের ১৬ ও ১৭ তারিখ দেশ দুটির স্বরাষ্ট্রসচিব পর্যায়ে ঢাকায় বৈঠক হয়। ওই বৈঠকে ভিসা প্রক্রিয়া সহজীকরণের বিষয়টি নিয়ে আলোচনা হয়। তখন এ বিষয়ে পরবর্তী সময়ে কর্মপদ্ধতি ঠিক করতে উভয় দেশ একটি বিশেষ বৈঠক করতে সম্মত হয়  ।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, এ বিষয়ে উভয় দেশের যুগ্ম সচিব পর্যায়ে যৌথ বৈঠক হতে পারে। ওই বৈঠকে ভিসা দেওয়ার পদ্ধতি সহজ করার বিভিন্ন ক্ষেত্র আলোচিত হতে পারে ।
রাজনীতিতে সেনা হস্তক্ষেপ বন্ধের আদেশ পাকিস্তান সুপ্রিমকোর্টের

পাকিস্তানের প্রভাবশালী জেনারেলদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গতকাল পাকিস্তানের প্রধান বিচারপতি ইফতেখার চৌধুরী রাজনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপ বন্ধের আদেশ দিয়েছেন। ১৯৯৬ সালের এক মামলায় একটি রাজনৈতিক জোট গঠনে আনুকূল্যের অভিযোগে সেনাবাহিনীর বিরুদ্ধে অবসরপ্রাপ্ত এক এয়ার মার্শালের দায়ের করা পিটিশনের শুনানিতে প্রধান বিচারপতি এ আদেশ দিয়ে বলেন, ‘সামরিক গোয়েন্দা সংস্থাগুলোকে অবশ্যই রাজনীতি থেকে দূরে থাকতে হবে।’ এএফপি, রয়টার্স।
আদেশে প্রধান বিচারপতি বলেন, ‘রাজনৈতিক সরকার গঠন বা উত্খাতের জন্য এ ধরনের সংস্থাগুলোর রাজনীতি বা রাজনৈতিক কর্মকাণ্ডে কোনো ভূমিকা থাকতে পারে না। এমনকি সফলতা পাইয়ে দিতে কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক জোট অথবা এককভাবে কোনো রাজনীতিবিদের প্রতি তারা কোনোভাবেই আনুকূল্য দেখাতে পারে না।’
সুপ্রিমকোর্টের এই আদেশে পাকিস্তানের বিপুল ক্ষমতাধর সামরিক বাহিনীর ক্ষমতা কমবে কি না তা স্পষ্ট নয়। তবে এই আদেশ পাকিস্তানের ৬৫ বছরের ইতিহাসে অর্ধেকেরও বেশি সময় অভ্যুত্থানের মাধ্যমে বা পর্দার অন্তরালে থেকে দেশ শাসন করা সামরিক বাহিনী ও সুপ্রিমকোর্টের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গত শতকের আশির দশকের শেষ দিকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের বিরুদ্ধে রাজনৈতিক সেল গঠনের অভিযোগের প্রতি ইঙ্গিত করে প্রধান বিচারপতি বলেন, ‘আইএসআই বা সামরিক গোয়েন্দা সংস্থার কোনো নির্বাচনী বা রাজনৈতিক সেল অথবা তাদের আওতায় থাকা এ ধরনের কোনো কাঠামো অবিলম্বে বিলুপ্ত করা হবে। কারণ তাদের এসব কর্মকাণ্ড পাকিস্তান এবং দেশটির সশস্ত্র বাহিনীসহ গোয়েন্দা সংস্থাগুলোর জন্য দুর্নাম বয়ে এনেছে।’
সামরিক বাহিনীকে এই আদেশ অনুসরণে সুপ্রিমকোর্ট ঠিক কী ধরনের পরিকল্পনা নিয়েছেন তা-ও স্পষ্ট নয়। তবে মামলায় সম্পৃক্ত অবসরপ্রাপ্ত জেনারেলদের বিরুদ্ধে সংবিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারকে আদেশ দিয়েছেন সুপ্রিমকোর্ট।

No comments: