Wednesday, April 8, 2015

লবণের ভিন্ন ব্যবহার

রান্না করতে যত কিছু উপকরণ প্রয়োজন তার মধ্যে লবণ অন্যতম। কারণ অন্যান্য উপকরণ কম হলেও চলে কিন্তু লবণ ছাড়া চলবেই না। এই লবণ শরীরের জন্য প্রয়োজনীয় হলেও অতিরিক্ত লবণ খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।
salt
লবণের ব্যবহার
কিন্তু আপনি জানেন কি রান্না ছাড়াও অনেক কাজেই লবণ ব্যবহার করা যায়। পরিষ্কার-পরিচ্ছন্নতা থেকে শুরু করে ব্যথা দূর করতেও লবণ ব্যবহার করা হয়। আসুন আজ অর্থসূচক পরিবার থেকে জেনে নেই লবণের কিছু ব্যবহার ও গুণের কথা।
মাছ পরিষ্কার
মাছ পরিষ্কার করতে লবণ অত্যন্ত কার্যকরী। কিছু মাছ যেমন বোয়াল, পাঙ্গাশ, বাইম বেশ পিচ্ছিল থাকে। এ কারণে এগুলো কাটতে এবং পরিষ্কার করতে বেশ ঝামেলা পোহাতে হয়। তখন মাছে সামান্য পানি দিয়ে তাতে কিছুটা লবণ ছিটিয়ে দিন। এরপর নাড়াচাড়া করে পানিতে ধুয়ে ফেলুন। দেখবেন পিচ্ছিলভাব অনেকটাই কমে গেছে এবং কাটতে সুবিধা হচ্ছে।
দাঁত ঝকঝকে সাদা করতে
দাঁত একটা মানুষের সৌন্দর্য বাড়াতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু যখন এতে হলদেটে দাগ পড়ে। দেখতে কেমন লাগবে ভাবুন তো। এর থেকে রক্ষা পেতে লবণ ব্যবহার করতে পারেন। এজন্য লবণ ও লেবুর রস একসাথে মিশিয়ে সেটা দিয়ে দাঁত মাজুন নিয়মিত। এতে হলদে ভাব দূর হয়ে যাবে এবং দাঁত হবে ঝকঝকে সাদা।
বোতল পরিষ্কার
বাড়িতে সাধারণত প্লাস্টিকের বোতল ব্যবহার করা হয় পানি সংরক্ষণের জন্য। কিন্তু প্লাস্টিকের বোতল চাইলেই গরম পানি দিয়ে পরিষ্কার করা যায় না। তাই প্লাস্টিকের বোতল পরিষ্কার করতে চাইলে বোতলে দুই-তিন টেবিল চামচ পরিমাণ পানি নিয়ে এতে এক টেবিল চামচ লবণ দিয়ে জোরে জোরে ঝাঁকাতে থাকুন। পাঁচ-ছয় মিনিট ঝাঁকানোর পর পরিষ্কার পানি দিয়ে বোতল ধুয়ে ফেলুন। দেখবেন পরিষ্কার হয়ে গেছে।
পা ব্যথায়
অতিরিক্ত হাঁটলে বা ক্লান্তির কারণে পা ব্যথা হলে বালতিতে কুসুম কুসুম গরম পানি নিন। তাতে সামান্য পরিমান লবণ মিশিয়ে পা ডুবিয়ে রাখুন দশ মিনিট। এতে ধীরে ধীরে ব্যথা কমে যাবে।
পোকামাকড়ের কামড়
বোলতা বা মৌমাছির কামড়ে আক্রান্ত হলে সে স্থানে লবণ ঘষে দিন। ব্যথা দ্রুত কমে যাবে। এছাড়া হাতে মাছের কাঁটা বিঁধলেও একই কাজ করতে পারেন।
টক কমাতে
টক ফল যেমন আম, জলপাই, করমচা, আমলকীর আচার আমরা তৈরি করে থাকি। এসব ফলের টক কমানোর জন্যও লবণ ব্যবহার করা যায়। বিশেষ করে সেদ্ধ করার সময় লবণ পানিতে মিশিয়ে নিলেই ফলের টক অনেক কমে যায়।
দুর্গন্ধ দূরীকরণে
মাছ বা পেঁয়াজ-রসুন কাটার পর হাতে গন্ধ হয় অনেক। এসব গন্ধ সাবান দিয়ে ধুলেও যায় না। কিন্তু এ গন্ধ দূর করতে আপনি হাতে লবণ মেখে কিছুক্ষণ অপেক্ষা করুন। তারপর হাত ধুয়ে ফেলুন। দেখবেন গন্ধ চলে গেছে।

No comments: