জাল-জালিয়াতি, ভুয়া প্রতিষ্ঠান ও ঠিকানা ব্যবহার করে সোনালী ব্যাংক রমনা কর্পোরেট শাখার বৈদেশিক বাণিজ্যিক বিভাগ থেকে প্রায় দুই হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে।
বিগত ৪ দলীয় জোট সরকারের কয়েকজন প্রভাবশালী নেতা ও মন্ত্রীর প্রত্যক্ষ-পরোক্ষ প্রভাবে এ পরিমাণ অর্থ উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে বলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক অনুসন্ধানে এ তথ্য বের হয়ে এসেছে। আর সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করবে দুদক। দুদকের উপ-পরিচালক হারুনুর রশিদ এ বিষয়টির অনুসন্ধান করছেন।
দুদক সূত্রে জানা গেছে, বিগত ৪ দলীয় জোট সরকারের দু’জন মন্ত্রী ও কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক নেতার অপতৎপরতায় ওই ব্যাংকের তৎকালীন ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তার যোগসাজশে ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত ৬ হাজার ৯৫৫ কোটি টাকা ঋণ দেয়া হয়। এ ঋণের মধ্যে প্রায় অর্ধশত ভুয়া প্রতিষ্ঠানের নামে প্রায় দুই হাজার কোটি টাকা ঋণ নেয়া হয়। যে সব প্রতিষ্ঠানের আদৌ কোনো অস্তিত্ব নেই। এদিকে ঋণ দেয়ার ক্ষেত্রে ব্যাংকের অডিট শাখার নিখুঁত তদন্ত করার কথা থাকলেও তা করা হয়নি।
এই ভয়াবহ ঋণ জালিয়াতির অভিযোগে সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার রফিকুল ইসলাম, এসএমএম আওলাদ হোসেন, আবদুল হাসিম, আজিজুল হক, জহিরুল ইসলাম চৌধুরী ও সিনিয়র অফিসার এজেডএম মতিউর রহমান, ওয়াহিদ উদ্দিন এবং মোহাম্মদ শাহজাহানকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। এছাড়া গতকাল বুধবার ওই ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক আলতাফ হোসেন হাওলাদার, সাবেক সহকারী মহাব্যবস্থাপক অর্চনা সাহা এবং সহকারী মহাব্যবস্থাপক এবিএম গোলাম সাদেক ও শেখ শহিদুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। সার্বিক অনুসন্ধান শেষে চলতি মাসের শেষ দিকেই সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করবে দুদক। যে সব ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ দেয়া হয়েছে তার মধ্যে রয়েছে মেসার্স ফেয়ার ট্রেড ফেব্রিকস লিমিটেড, মেসার্স শফিক স্টিল লিমিটেড, মেসার্স মনচুর এন্টারপ্রাইজ, মেসার্স এসএম রিফাইনারি লিমিটেড, মেসার্স নুরানি পোল্ট্রি এন্ড ফিশারিজ লিমিটেড, মেসার্স ক্রিয়েটিভ ফ্যাশন লিমিটেড, মেসার্স ফেয়ার এক্সপো উইভিং মিলস লিমিটেড, মেসার্স এশারাত অ্যাপারেলস লিমিটেড, মেসার্স কনকর্ড নিটিং এন্ড ডাইয়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মেসার্স পার্ক সিং বাংলাদেশ লিমিটেড, মেসার্স অকোটেকস লিমিটেড, মেসার্স শিখা অ্যাপারেলস (প্রা.) লিমিটেড, মেসার্স কেএসএ নিটস লিমিটেড, মেসার্স রিও ফ্যাশন লিমিটেড, মেসার্স লুক ফ্যাশন লিমিটেড, মেসার্স কোমো অ্যাপারেলস লিমিটেড, মেসার্স আয়দরি অ্যাপারেলস লিমিটেড, মেসার্স এমএইচ ড্রেসেস লিমিটেড, মেসার্স মুসলিম টেক্সটাইল মিলস লিমিটেড ও মেসার্স স্পার্কেল টেক্সটাইল লিমিটেডসহ প্রায় অর্ধশত প্রতিষ্ঠান।
http://manobkantha.com/2013/06/13/125457.html
http://www.emanobkantha.com/2013/06/13/

No comments:
Post a Comment