Saturday, January 5, 2013

রাজধানীতে চালু হলো মৃত্যু ঘড়ি

ঢাকা: তামাক সেবনে মৃত্যু হওয়া মানুষের সংখ্যা গণনাকারী ‘মৃত্যু ঘড়ি’ উন্মোচন করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। রাজধানীর বিজয় স্মরণিতে (নভোথিয়েটারের বিপরীত পাশে) এই ঘড়ি লাগিয়েছে বেসরকারি সংস্থা প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)।
 
শনিবার সকাল সোয়া ৯টায় সেখানে মন্ত্রী ঘড়িটি উন্মোচন করেন।
 
প্রজ্ঞা জানিয়েছে, আসন্ন শীতকালীন সংসদ অধিবেশনের পুরো সময় ঘড়িটি চলবে। প্রতি ৯ মিনিট ২৬ সেকেন্ড পর পর তামাকের কারণে ঘটতে থাকা মৃত্যুর সংখ্যা জানাবে এই ‘মৃত্যু ঘড়ি’। উদ্বোধনের সময় ঘড়িটিতে এই সংখ্যা ছিল ২০ হাজার ৪৭। এই হিসাব ২০১২ সালের ২৭ আগস্ট থেকে।
 
বাংলাদেশে চার কোটির বেশি মানুষ তামাক সেবন করে। এতে প্রতি বছর ৩০ বছরের বেশি বয়ষ্ক জনগোষ্ঠীর মধ্যে ৫৭ হাজার মানুষের মৃত্যু হয়। এছাড়া তিন লাখ ৮২ হাজার মানুষ পঙ্গু হয়।
 
২০১২ সালের ২৭ আগস্ট মন্ত্রিসভা ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধনী) আইন’-এর খসড়া নীতিগত অনুমোদন দেয়। এরপর ১৩১ দিনে ২০ হাজারের বেশি মানুষের প্রাণ ঝরে পড়েছে বলে জানায় প্রজ্ঞা। আসন্ন সংসদ অধিবেশনে তামান নিয়ন্ত্রণ আইনের সংশোধনী পাশ করার দাবি জানায় সংস্থাটি।
 
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, “আমিও একসময় তামাক সেবন করতাম। এটি ছেড়ে দেয়ার পর আমি খাবারের প্রকৃত স্বাদ নিতে পারি। এখন আমার পরিবারের কেউ তামাক সেবন করে না। আমি দেশে তামাক নিষিদ্ধকরণে পক্ষে। সরকার সেটি করতে না পারলে অন্তত এটি নিয়ন্ত্রণ করা উচিত। তামাকের ওপর শুল্ক বাড়ানো এবং জনসাধারণকে এটির প্রতি নিরুৎসাহিত করতে প্রজ্ঞার দাবিগুলো যৌক্তিক।”
 
আগামী ফেব্রুয়ারির মধ্যে সংসদে এ সংশ্লিষ্ট নতুন আইন পাশ হবে বলে আশা প্রকাশ করেন হাসানুল হক ইনু।
 
অনুষ্ঠানে প্রজ্ঞার চেয়ারম্যান সাইদ বদরুল করিম, এক্সিকউটিভ ডিরেক্টর এবিএম যুবায়ের, ক্যাম্পেইন ফর ট্যোবাকো ফ্রি কিডস’র মিডিয়া কোঅর্ডিনেটর তাইফুর রহমান উপস্থিত ছিলেন।

No comments: