Saturday, February 2, 2013

বিয়েতে কমে মৃত্যুঝুঁকি

অবিবাহিত লোকদের চেয়ে বিবাহিতদের হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার আশঙ্কা কম
এবং আক্রান্ত হলেও অবিবাহিতদের তুলনায় বিবাহিতরা দ্রুত সেরে ওঠেন। গতকাল ফিনল্যান্ডের এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
গবেষকরা ১৯৯৩ সাল থেকে ২০০২ পর্যন্ত ফিনল্যান্ডের ৩৫ থেকে ৯৯ বছর বয়সী ১৫ হাজার ৩৩০ জনের ওপর এই গবেষণা পরিচালনা করেন। তাদের অর্ধেকেরও বেশি তীব্র হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার ২৮ দিনের মধ্যেই মারা গেছে।
গবেষকরা দেখতে পান, বিবাহিত লোকদের তুলনায় সব বয়সী অবিবাহিত পুরুষদের মধ্যেই
হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ৫৮-৬৬ শতাংশ বেশি। অবিবাহিত নারীদের হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বিবাহিতদের চেয়ে ৬০-৬৫ শতাংশ বেশি।
ইউরোপিয়ান জার্নাল অব প্রিভেনটিভ কার্ডিওলজিতে গবেষকরা লিখেছেন, বিবাহিতদের হার্ট অ্যাটাকে মৃত্যুর ঝুঁকিও কম। হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার ২৮ দিনের মধ্যে বিবাহিত ও অবিবাহিত পুরুষের মৃত্যুর হার যথাক্রমে ৬০ ও ১৬৮ শতাংশ এবং বিবাহিত ও অবিবাহিত নারীদের মৃত্যুর হার যথাক্রমে ৭১ ও ১৭৫ শতাংশ। সব বয়সী অবিবাহিতদের হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা যেমন বেশি তেমনি আক্রান্ত হওয়ার পর সেরে ওঠার সম্ভাবনাও কম।
এর কারণ কি? গবেষকরা বলছেন, বিবাহিত দম্পতির যৌথভাবে আয় বেশি, তাদের জীবনাচরণ স্বাস্থ্যকর এবং তাদের সহায়তার জন্য রয়েছে তুলনামূলক বড় নেটওয়ার্ক। অন্যদিকে অবিবাহিতরা তুলনামূলক বেশি বিষণ্নতায় ভোগেন। সূত্র : এএফপি

No comments: