Saturday, February 2, 2013

যুগোপযোগী করা হচ্ছে রাজউকের বিধিবিধান

এম এ বাবর: 
দীর্ঘ ৬০ বছরের পুরনো বিধিবিধান পরিবর্তন এবং যুগোপযোগী করার উদ্যোগ নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। 
নতুন বিধিমালায় ভবন নির্মাণের আগে শোর পাইলিং ও পরিকল্পনা (নকশা) অনুমোদন নিতে হবে রাজউক থেকে। এছাড়া রাজধানীতে ভবনের ছাদে মোবাইল ফোনের টাওয়ার স্থাপনের নীতিমালা তৈরি করা হবে। এতে রাজউকের অনুমোদন ছাড়া ভবনের ছাদে মোবাইল টাওয়ার স্থাপন করা যাবে না।

১৯৫১ সালের বিধিবিধানের আলোকেই রাজধানীতে বহুতল ভবন নির্মাণে অনুমোদন দেয় রাজউক। সম্প্রতি কয়েকটি ভবন ধসের ঘটনায় রাজউক কর্তৃপক্ষ ভবন নির্মাণ বিধিমালায় পরিবর্তন আনার পরিকল্পনা নিয়েছে। এজন্য রাজউকের সদস্য (পরিকল্পনা) শেখ আব্দুল মান্নানকে প্রধান করে একটি কমিটিও গঠন করা হয়েছে। ওই কমিটি বিশ্বের বেশ কিছু দেশের ভবন নির্মাণ সংক্রান্ত বিধিবিধান অনুসরণের জন্য সরেজমিন পরিদর্শনের পর একটি প্রতিবেদন তৈরি করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন বিধিমালায়     রাজধানীতে বহুতল ভবন নির্মাণে শোর পাইলিং, পরিকল্পনা রাজউক থেকে অনুমোদন নেয়ার সুপারিশ করা হয়েছে। বিদ্যমান বিধিতে বর্তমানে রাজউক কর্তৃপক্ষ শুধু পরিকল্পনা অনুমোদন করে। ভবনের ডিজাইন (নকশা) মালিক নিজ দায়িত্বে কোনো প্রকৌশলীকে দিয়ে তৈরি করেন। নতুন বিধি প্রণয়ন হলে ভবনের প্ল্যান ও ডিজাইন অনুমোদনের জন্য রাজউক কর্তৃপক্ষ নিজস্ব পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেবে।

এদিকে রাজধানীর ভবনের ছাদে যেখানে সেখানে মোবাইল ফোনের টাওয়ার স্থাপনের বিষয়ে উদ্বিগ্ন রাজউক। বাংলাদেশে ৬টি মোবাইল ফোন অপারেটরের মোট ৩৫ হাজার ৮০০টি টাওয়ার রয়েছে। এর মধ্যে গ্রামীণফোনের ১৪ হাজার, রবির ৮ হাজার ২০০, বাংলালিংকের ৫ হাজার ২০০, সিটিসেলের ২ হাজার ৯০০, এয়ারটেলের ৪ হাজার ১০০ ও টেলিটকের ১ হাজর ৪০০টি। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এ বিশাল সংখ্যার টাওয়ারের প্রায় এক হাজার টাওয়ার বসানো হয়েছে রাজধানীর বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালের ছাদে। বিশেষজ্ঞদের মতে, ভবনের ছাদে টাওয়ার স্থাপন করলে এর নিচে বসবাসকারী মানুষ ভয়াবহ মরণ ব্যাধিতে আক্রান্ত হতে পারে। টাওয়ারের অ্যান্টেনা ও মাইক্রোওয়েভের রেডিয়েশন শিশু ও গর্ভবতী মায়ের সবচেয়ে বেশি ক্ষতি করে। এছাড়া অতিমাত্রায় তড়িৎ চুম্বকীয় বিকিরণের কারণে মানবদেহে জেনেটিক পরিবর্তন, অল্প বয়সে বৃদ্ধ হওয়া, স্মরণশক্তি লোপ, অবসন্নতা, লিউকেমিয়া ও ক্যান্সারের মতো মারাত্মক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই নগরবাসীর স্বাস্থ্যঝুঁকি রোধ করতে বিষয়টি নিয়ন্ত্রণে আনতেই নীতিমালা তৈরি করবে রাজউক।
রাজউক চেয়ারম্যান প্রকৌশলী নূরুল হুদা বলেন, রাজধানীতে ভবন তৈরির নীতিমালায় পরিবর্তন আনার কিছু প্রস্তাব মন্ত্রণালয়ে দেয়া হয়েছে। এছাড়া নগরীর বিভিন্ন ভবনের ছাদে মোবাইল টাওয়ার স্থাপনের জন্য নতুন নীতিমালা তৈরি হচ্ছে। যেসব ভবনের ছাদে টাওয়ার স্থাপন করা রয়েছে সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে তাদের চুক্তির বিষয়টি দেখে নির্দিষ্ট সময়ের মধ্যে সেগুলো সরানোর নির্দেশ দেয়া হবে। আর এগুলো নিয়ে একটি কমিটির মাধ্যমে সার্ভে হবে। সার্ভে রিপোর্ট অনুযায়ী ভবনের ছাদে টাওয়ার স্থাপনের জন্য আমরা বাধ্যবাধকতা দিয়ে দেব। এতে রাজউকের অনুমোদন ছাড়া কোনো ভবনের ছাদে টাওয়ার বসানো যাবে না।
http://manobkantha.com/details_news.php?id=105772&&%20page_id=%206

No comments: