কয়েক দিন ধরে উত্তরাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ গত বৃহস্পতিবার
থেকে মাঝারি শৈত্যপ্রবাহে রূপ নিয়েছে। এর প্রভাবে গতকাল সারা দেশে শীতের
তীব্রতা বৃদ্ধি পায়। শৈত্যপ্রবাহ দক্ষিণ ও পশ্চিমাঞ্চলেও ছড়িয়ে পড়েছে। আরও
কয়েক দিন এ ধারা অব্যাহত থাকবে বলে আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে জানানো
হয়েছে।
গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত (পূর্ববর্তী ২৪ ঘণ্টায়) দেশের সর্বনিম্ন
তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায়
সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদফতর বলছে, মধ্য রাত থেকে দুপুর পর্যন্ত দেশের নদী অববাহিকায়
ঘন কুয়াশা এবং অন্যত্র মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে। এ সময় ময়মনসিংহ,
মাদারীপুর, কুমিল্লা, হাতিয়া ও শ্রীমঙ্গলসহ রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের
ওপর মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সারা দেশে রাত এবং
দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মাঝারি
শৈত্যপ্রবাহের প্রভাবে মধ্যাঞ্চল মূলত ঢাকা ও আশপাশের তাপমাত্রা কমে গেছে।
ঢাকায় এ অবস্থা আরও কয়েক দিন থাকবে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, চলমান শৈত্যপ্রবাহ ঢাকা ও চট্টগ্রাম
বিভাগের কিছু কিছু এলাকায়ও বিস্তৃত হবে। তবে তা মৃদু আকারে থাকবে। আর
জানুয়ারিতে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় তাপমাত্রা
৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসতে পারে।
এদিকে গতকাল ঘন কুয়াশায় মাওয়া-কাওড়াকান্দি রুটে ১০ ঘণ্টা ও দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ৯ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) মাওয়া ঘাটের
সহকারী ব্যবস্থাপক শেখর চন্দ্র রায় জানান, মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। সকাল সাড়ে ১০টার দিকে
ফেরি চলাচল শুরু হয়। বৃহস্পতিবার রাতে মাঝপদ্মায় চারটি ফেরি প্রায় ১০০
যানবাহন নিয়ে আটকা পড়ে। কুয়াশা এতটাই ঘন যে, নৌপথের স্বল্প দূরত্বের কোনো
কিছুই চোখে না পড়ায় দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ১২টার দিকে নৌচলাচল বন্ধ রাখা
হয়েছিল।
বিআইডব্লিউটিসির পাটুরিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আশরাফ উল্লাহ খান বলেন,
কুয়াশার কারণে পাটুরিয়া ঘাট থেকে রাত ১১টায় ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। গতকাল
সকাল সাড়ে ৮টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকে। এর কিছুক্ষণ আগেও বীরশ্রেষ্ঠ
মতিউর রহমান নামে একটি ফেরি দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়া যাওয়ার পথে
মাঝনদীতে আটকা পড়ে।
এদিকে ঘনকুয়াশায় পদ্মা, মেঘনা ও ধলেশ্বরী নদীতে নৌযান চলাচল বিঘ্নিত হয়।
দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা লঞ্চগুলো রাত ৪টার পরিবর্তে ৬ ঘণ্টা দেরিতে
রাজধানীতে পৌঁছায়।
http://bonikbarta.com/?view=details&menu_id=1&pub_no=187&news_id=23752
No comments:
Post a Comment