Friday, December 28, 2012

ডিসিসির বর্ধিত করের বোঝা ভাড়াটিয়াদের কাঁধে

এম এ বাবর
ঢাকা সিটি কর্পোরেশনের (ডিসিসি) বর্ধিত হারে হোল্ডিং ট্যাক্স (কর) বৃদ্ধির বোঝা ভাড়াটিয়াদের কাঁধে গিয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন বিভিন্ন এলাকার ভাড়াটিয়ারা। করের দোহাই দিয়ে এরই মধ্যে অনেক বাড়ির মালিক পাঁচশ থেকে এক হাজার টাকা পর্যন্ত ভাড়াও বাড়িয়ে দিয়েছেন।

এদিকে বর্ধিত হোল্ডিং ট্যাক্সের নোটিশ না দেয়ায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) অনেক বাড়ির মালিক ট্যাক্স পরিশোধ করতে গিয়ে বিপাকে পড়েছেন। পূর্ব রামপুরার বাড়ি মালিক রফিকুল ইসলাম বলেন, ‘আমি জানি না যে ট্যাক্স বাড়ানো হইছে। প্রতিবার যে হিসাবে হোল্ডিং ট্যাক্স দেই এবারো ওই হিসাবে টাকা নিয়ে আসছি। কিন্তু রাজস্ব বিভাগের হিসাবে এ বছর আমার ডাবল ট্যাক্স ধরা হয়েছে। না জানিয়ে ট্যাক্স বাড়িয়ে আমাদের হয়রানি করা হয়েছে।’ অন্যদিকে ডিএসসিসি কর্তৃপক্ষের দাবি হোল্ডিং ট্যাক্স বাড়ানোর ব্যাপারে সংবাদপত্রে গণবিজ্ঞপ্তি দেয়া হয়েছে। বাড়ির মালিকরা জানেন না এটি তাদের অযৌক্তিক অভিযোগ।
বাড়ির মালিক আর ডিসিসির মধ্যে যুক্তি আর অযৌক্তিক অভিযোগ যাই থাকুক না কেন। হোল্ডিং ট্যাক্সের বর্ধিত টাকা বাড়ির মালিকরা আমাদের ওপর চাপিয়ে দিয়েছেন এমন অভিযোগ ভাড়াটিয়াদের। উত্তর মুগদাপাড়ার বাসিন্দা বেলায়েত হোসেন বলেন, ‘গত জানুয়ারি মাসে এক হাজার টাকা বাড়ি ভাড়া বেড়েছে। এ মাসে আবার জানিয়ে দিল আগামী জানুয়ারি মাসে ভাড়া বাড়বে দেড় হাজার টাকা। এত বাড়ানো হচ্ছে কেন জানতে চাইলে বাড়ির মালিক বলেন,    দ্বিগুণ ট্যাক্স বাড়ছে। ওই বাড়তি টাকা আমি কোথা থেকে দেব? মালিক সাফ জানিয়ে দিয়েছেন পোষাইলে থাকেন নইলে বাসা ছেড়ে দেন।’
পশ্চিম বাড্ডার বাড়ির মালিক আ. লতিফ মিয়া বলেন, ‘এমনিতে বাড়ি তৈরিতে যে খরচ সে তুনলনায় ভাড়া পাওয়া যাচ্ছে না। তার ওপর ডাবল ট্যাক্স আমরা কোথা থেকে দেব? তাই ভাড়া না বাড়িয়ে উপায় নেই।’
ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, দীর্ঘদিন পরে দশ ভাগ হোল্ডিং ট্যাক্স বাড়ানো হয়েছে। নগরীর উন্নয়ন কাজের প্রয়োজনীয় অর্থ জোগানে ট্যাক্স না বাড়িয়ে উপায় ছিল না। তবে যৌক্তিক হারেই হোল্ডিং ট্যাক্স বাড়নো হয়েছে।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন গত ফেব্র“য়ারি মাসে হোল্ডিং ট্যাক্স বাড়ানোর প্রক্রিয়া শুরু করে। এজন্য আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটি উভয় সিটি কর্পোরেশনের বাড়িঘর ও ভবনের ওপরে (বিদ্যমান ১২ ভাগ হোল্ডিং ট্যাক্সের ওপরে) আরো ১০ ভাগ হারে ট্যাক্স বাড়ানোর সুপারিশ করে। আর ওই সুপারিশ অনুযায়ী ২০১২-১৩ অর্থবছরের বাজেটে উভয় সিটি কর্পোরেশন বিদ্যমান হোল্ডিং ট্যাক্সের ওপর আরো ১০ ভাগ হারে বাড়ানোর ঘোষণা দেয়া হয়। এরই ধারাবাহিকতায় চলতি অর্থবছর থেকে বাড়ি ও ভবনের ওপর ১০ শতাংশ হারে হোল্ডিং ট্যাক্স বাড়িয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। চলতি অর্থবছর থেকেই ডিএসসিসি ২২ ভাগ হারে হোল্ডিং ট্যাক্স নেয়ার প্রক্রিয়া শুরু করেছে। আর ডিসেম্বর মাসেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ১০ ভাগ হারে হোল্ডিং ট্যাক্স বাড়ানোর ঘোষণা দেয়া হতে পারে।
ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা গোলাম মোস্তফা খান বলেন, নগরীর উন্নয়নের প্রয়োজনেই হোল্ডিং ট্যাক্স বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী মাসেই সমন্বয় কমিটির সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
http://manobkantha.com/details_news.php?id=92924&&+page_id=+5

No comments: