Friday, December 7, 2012

গাজরের হালুয়া +ছোলার ডালের নরম হালুয়া

 ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষ হালুয়া। রেসিপি দিয়েছেন সিতারা ফিরদৌস

উপকরণ
  • গাজর ১ পোয়া
  • তরল দুধ ১ কাপ
  • ছানা আধা কাপ
  • গুঁড়া দুধ আধা কাপ
  • দারচিনিগুঁড়া ১ চা-চামচ
  • এলাচগুঁড়া আধা চা-চামচ
  • ঘি ৩ টেবিল-চামচ
  • ডায়াবেটিক চিনি (কেনডারেল বা ইকুয়াল ব্র্যান্ড ব্যবহার করতে পারেন
  • পেস্তাবাদাম ১ টেবিল চামচ
  • কিশমিশ ১ টেবিল চামচ
প্রণালি
গাজর সবজি কোরানি দিয়ে ঝুরি করে, তরল দুধ দিয়ে সেদ্ধ করে পানি শুকিয়ে নিতে হবে। তারপর ছানা দিয়ে মথে নিতে হবে। প্যানে ঘি গরম করে গাজরের মিশ্রণ দিয়ে কিছুক্ষণ ভুনে গুঁড়া দুধ ও দারচিনি-এলাচ গুঁড়া দিয়ে ভুনতে হবে। হালুয়া শুকিয়ে এলে পেস্তাবাদামকুচি, কিশমিশ দিয়ে চিনির দানা ১ চা-চামচ পানিতে গুলে হালুয়ায় দিয়ে নেড়ে চুলা থেকে নামাতে হবে এবং কিছুক্ষণ নাড়াচাড়া করে ডিশে ঢেলে ঠান্ডা করে পছন্দমতো আকারে টুকরা করে পরিবেশন করতে হবে।


ছোলার ডালের নরম হালুয়া

বিশেষ কোনো উপলক্ষ মানেই যেন বিশেষ কিছু। বিশেষ আয়োজনে হালুয়া থাকাটা এখন স্বাভাবিক হয়ে গেছে। তবে বিশেষ আয়োজন ছাড়াও যে কেউ তৈরি করে ফেলতে পারেন হালুয়া। রেসিপি দিয়েছেন সিতারা ফিরদৌস
উপকরণ
  • ছোলার ডাল ৫০০ গ্রাম
  • চিনি ১ কাপ বা চাহিদামতো
  • কনডেন্সড মিল্ক ১ টিন
  • দারচিনি ৪ টুকরা
  • এলাচ ৬টি
  • কেওড়া ১ টেবিল-চামচ
  • কিশমিশ-পেস্তাবাদাম সিকি কাপ বা পরিমাণমতো
  • এলাচ গুঁড়া আধা চা-চামচ
  • ঘি পৌনে এক কাপ
  • ১ লিটার তরল দুধ জ্বাল দিয়ে আধা লিটার পরিমাণ করে নিতে হবে
প্রণালি
ডাল ধুয়ে সেদ্ধ করতে হবে এবং পানি কমে এলে দুধ, দারচিনি, এলাচ দিয়ে সেদ্ধ করে পানি শুকিয়ে নিয়ে বেটে নিতে হবে। আধা কাপ ঘি গরম করে ডাল বাটা দিয়ে কিছুক্ষণ ভুনে কনডেন্সড মিল্ক ও কেওড়া দিয়ে ভুনতে হবে। কিছুক্ষণ পর হালুয়ায় মিষ্টির স্বাদ চেখে নিয়ে চিনি, এলাচগুঁড়া দিয়ে ভুনতে হবে ও কিছু কিশমিশ ও পেস্তাবাদামকুচি এবং বাকি ঘি দিয়ে এক মিনিট নাড়াচাড়া করে নামাতে হবে। সার্ভিং ডিশে ঢেলে ওপরে পেস্তাবাদাম, কিশমিশ ছিটিয়ে দিয়ে পরিবেশন করতে হবে।

No comments: